আশাশুনিতে গণমানুষকে নির্যাতনকারী তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ভুক্তভোগী নারীদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নবাসী। সহস্রাধিক নির্যাতিত নারী-পুরুষের অংশগ্রহণ মানববন্ধনের বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, আবদুল কাদের, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন আহমেদ। বিএনপি নেতা হাবিবুল্লাহ এর সঞ্চালনায় নির্যাতিত নারী পুরুষের মধ্যে বক্তব্য রাখেন সালমা বেগম, বাবুল আহমেদ, আবদুল ওয়াদুদ, মুসলেম হোসেন, নুরুল ইসলাম, ইমদাদুল হক, আবু রায়হান প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী শাসন আমলে ক্ষমতার দাপট দেখিয়ে কৃষক লীগ নেতা তারিকুল ও জুয়েল বাহিনীর হাতে নির্যাতিত হয়নি কুল্যা ইউনিয়নের ২-৩ নং ওয়ার্ডে এমন ব্যক্তি নেই। তারা খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টিকারী, সরকারি খাস সম্পত্তি দখল ও ,ইভটিজিংকারী। তাদের অত্যাচারে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না তাই তাদের বিচারের দাবি করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে উপস্থিত শত শত নারী-পুরুষ। মানববন্ধন শেষে নির্যাতিত শতাধিক নারী তারিকুল ও জুয়েল বাহিনী বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করে।