বরিশালের মুলাদীতে দলীয় কর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং যুবলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের রেইন্ট্রিতলা বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন, কাজিরচর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সভাপতি মো. মিজানুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, সেক্রেটারি মো. আবুল কাসেম জিহাদী, সহসভাপতি মো. নেছার উদ্দীন সিকদার, মো. ফজলুর রহমান, বরিশাল জেলা মুজাহিদ কমিটির অডিটর ক্বারী আবদুল বারী, উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি মো. মিরাজ হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. জোবায়ের হোসেনসহ অন্যান্যরা।
গত ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে রেইন্ট্রিতলা এলাকায় কাজিরচর ইউনিয়ন ইসলামি আন্দোলনের কর্মী কবির হোসেন হাওলাদার (৫৪) এবং বিএনপি কর্মী ইউনুছ ব্যাপারী (৬৫) কে পিটিয়ে আহত করা হয়। ওই গ্রামের যুবলীগ কর্মী সাইফুল ব্যাপারী, ইউনুছ ব্যাপারী এবং রফিক ব্যাপারী অতর্কিত হামলা চালিয়ে দুজনকে আহত করে বলে অভিযোগ রয়েছে ওই ঘটনায় কবির হোসেন হাওলাদার বাদী হয়ে ৪জনকে আসামি করে গত রোববার মুলাদী থানায় অভিযোগ করেন। কর্মীকে মারধরের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কর্মসূচি পালন করেন ইসলামি আন্দোলন নেতাকর্মীরা।