বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, ছাত্র জনতার বিপ্লবকে পুঁজি করে একটি রাজনৈতিক গোষ্টি চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে। তাদের স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশের যে অপরাজনীতি চাঁদাবাজিসহ যতো অন্যায় অপরাধ আছে সেটা ৫ আগস্ট শেষ হয়ে গিয়েছে। তারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে আওয়ামী লীগ ফ্যাসিষ্টদের মতো রাজনীতি চলবে না, নিজেদের সংশোধন করতে হবে।
মঙ্গলবার দুপুরে সরকারি বরিশাল বিএম কলেজের অধ্যক্ষর কক্ষে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা বিভিন্ন যায়গায় দখলদারিত্ব ও চাঁদাবাজি করেছে, জেলায় জেলায় সম্মেলন করে দখলদারদের নাম ঘোষনা করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে চাঁপ প্রয়োগ করা হবে।
আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য যারা বিপ্লব সংগঠিত করেছে, সেই ছাত্র জনতাই রাষ্ট্র গঠণ করবে। সেই লক্ষ্য নিয়ে ছাত্র জনতা কি চাচ্ছে রাষ্ট্র পুনঃগঠনে তাদের দাবিগুলো আমরা শুনছি ও লিখে নিয়ে যাচ্ছি। এরপর ঢাকায় একটি বড় সম্মেলন করে রাষ্ট্র পুনগঠনের রূপরেখা প্রদান করা হবে। ৯০ এর গণঅভ্যুত্থানের আন্দোলন করেছে রাজনৈতিক দলগুলো। তাদের উপজেলা ওয়ার্ড পর্যন্ত কমিটি ছিলো ফলে সবাইকে সমন্বয় করা হয়েছে। কিন্তু ২৪ সালের বিপ্লবটি যে যেখানে পেরেছে সমন্বয় করে টিম করে কাজ করেছে। আমরা জেলা, উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। সবার সাথে কথা বলে আমরা একটা অথরাইজ কমিটি গঠন করে দিব। সেই কমিটির মাধ্যমে কেউ যদি বিশৃঙ্খলা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো।
সভায় শিক্ষকদের পাশাপাশি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমন্বয়ক সানজানা আফিফা অদিতি, এমএ সাইদ, রাইয়ান ফেরদৌস, সিনথিয়া জাহিন আয়েশা, হাসিবুল হোসাইন শান্ত, মোবাশ্বেরা করিম মিমি, শহিদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক, জিহাদ হোসেন প্রমুখ।