জেলার বানারীপাড়া উপজেলা হাসপাতালের বহিঃবিভাগের সিঁড়ির নিচ থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত পরিচয়ে সদ্য ভূমিষ্ট ফুটফুটে এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। দুপুর দুইটার দিকে হাসপাতালের সিঁড়ির নিচে নবজাতকের কান্না শুনে নার্সরা তাকে উদ্ধার করেন।
উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাহিম আরিফ জানান নবজাতককে হাসপাতালের বহিঃবিভাগের সিঁড়ির নিচে পেয়ে তাৎক্ষনিক ইউএনওকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সারথী জানান, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করেন। ওইদিন বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় ছোট মনি নিবাসে (বেবী হোম) নবজাতককে পাঠানো হয়েছে।
এদিকে হাসপাতালে পরিচয়হীন ফুটফুটে কন্যা নবজাতক পাওয়ার খবরে সেখানে শত শত উৎসুক জনতা ভিড় করেন। তারা নবজাতককে ফেলে যাওয়া পাষন্ড বাবা-মাকে ধিক্কার জানান। হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে কে বা কারা নবজাতককে ফেলে রেখে গেছেন তা চিহ্নিতের দাবি করেন।