দুর্নীতি, অন্যায় এবং চাঁদাবাজির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দলের নেতৃবৃন্দরা।
সোমবার দুপুরে ববির জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ববি শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাশেষে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমন্বয়করা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এমএ সাঈদ, রাইয়ান ফেরদৌস, বদরুন্নেসা কলেজের সিনথিয়া জাহিন আয়েশা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুল হোসেন শান্ত, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মোবাশ্বেরা করিম মিমি, ববি’র শহিদুল ইসলাম শাহেদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালরে তৌহিদ আহমেদ আশিক, ঢাকা কলেজের জিহাদ হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশের ছাত্র-জনতা। এই অভ্যুত্থানের লক্ষ্য অতীতের মতো বেহাত হতে দেবোনা। তাই দেশ সংস্কারে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নয়তো অভ্যুত্থানের মূল লক্ষ্য ঐক্যবদ্ধ জাঁতি গঠনে ব্যর্থ হবো। আমরা তরুণ প্রজন্ম দেশকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজ মুক্ত করতে চাই। সীমান্তে গণহত্যা ও পানি ছেড়ে মানুষ হত্যা বন্ধে কাজ করতে চাই। অতীতের অভ্যুত্থানের লক্ষ্য থেকে বিচ্যুত করেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এ থেকে আমাদের সচেতন থাকতে হবে। সভা শেষে শহীদদের রুহের মাহফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।