নগরীর ফরেস্টার বাড়ির পোল সংলগ্ন এলাকার ডাক বিভাগের মেইল প্রোসেসিং অফিসের বাউন্ডারির মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে অফিসের পরিচ্ছন্নতা কর্মী মোঃ জনি ঘাস কাঁটার সময় গ্রেনেডটি দেখতে পায়। পরে মেইল প্রোসেসিং কর্মকর্তা আলমগীর হোসেনকে বিষয়টি অবহিত করেন। এরপর তিনি (আলমগীর) ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে প্রথমে পুলিশ ও পরে সেনা সদস্যরা আসেন। গ্রেনেড পাওয়ার খবরে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে কোথা থেকে এই গ্রেনেড এখানে এসেছে সে বিষয়ে তদন্তের কাজ শুরু করেছেন পুলিশ ও সেনা সদস্যরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোঃ ফারুক হোসেন জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর মেজর মোঃ রাশেদ সাংবাদিকদের জানান, গ্রেনেড নিস্ক্রিয় টিম আসার পর গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।