দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও আইন বহির্ভুতভাবে জোরপূর্বক অপসারণের প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছে বরিশালের শিক্ষক সমাজ। শনিবার বেলা বারোটার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, জাঁতি গড়ার কারিগর হিসেবে কাজ করে শিক্ষক সমাজ। কিন্তু সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের ফায়দা নিয়ে একদল দুর্বৃত্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজকতা সৃষ্টি করেছে। শিক্ষকদের অপমান, অপদস্থ করা হচ্ছে। বক্তারা আরো বলেন, শিক্ষকরা যাতে আর অপমানিত না হয়, তাদের যেন অবৈধভাবে পদত্যাগ করতে না হয়, জোরপূর্বক যাদের পদত্যাগ করানো হয়েছে তাদের যেন যথাযথ সম্মানের মাধ্যমে স্ব-পদে বহাল করা হয় সেজন্য বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ গ্রহণ প্রয়োজন। অন্যথায় দেশ অরাজক পরিস্থিতির দিকে ধাবিত হবে।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি উপাধ্যক্ষ আনোয়ারুল হক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ জাকির হোসেন, গোলাম মজুমদার, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবদুস সালাম, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী প্রমুখ।