সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় মাদক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদ। এ সময় মাদক পাঁচারের অভিযোগে ইমন (২৩) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক ইমন উপজেলার রাজপুর গ্রামের আবদুস সালামের ছেলে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রাজপুর সীমান্তের ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইমনকে ওই মাদকসহ আটক করা হয়।
বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের নির্দেশে কাঁকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের ও এনসিও নায়েক হরমুজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ইমনের কাছে থাকা ব্যাগে তল্লাসী চালায়। এ সময় তার কাছ থেকে ১২কোটি টাকা মূল্যের ২কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে বিজিবি সদস্যরা।
কাঁকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমন তার বিরুদ্ধে এর আগেও কলারোয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে বলে স্বীকার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, শুক্রবার সকালে বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।