ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতির কারণে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি। তবে এখন পর্যন্ত এর প্রভাব পড়েনি রাজবাড়ীর পদ্মা নদীতে।
বুধবার (২৮ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় এক সেন্টিমিটার পানি কমেছে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপণ্ডবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন।
রাতে ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে বাংলাদেশে পদ্মার প্রবেশমুখে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে পানির স্তর পর্যবেক্ষণ করে এ তথ্য জানান পানি উন্নয়ন বোর্ডের উপণ্ডবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন।
তিনি বলেন, বুধবার (২৮ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ সেন্টিমিটার পানি কমে পাংখা পয়েন্টে। ভোরে পাংখা পয়েন্টে পানির স্তর ছিল ২০ দশমিক ৫৫ মিটার। সন্ধ্যায় এক সেন্টিমিটার কমে ২০ দশমিক ৫৪ মিটারে নামে পানির স্তর। পাংখা পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ২০ দশমিক ০৫ মিটার। সে অনুযায়ী এখনো পদ্মার পানি বিপৎসীমার দেড় মিটারের বেশি নিচে রয়েছে।
এর আগে ফারাক্কা ব্যারেজের ১০৯টি জলকপাট খুলে দেয়ার খবর দেয় ভারতের বেশ কিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। গত সোমবার (২৬ আগস্ট) দেশের গণমাধ্যমেও এমন খবর প্রচারের পর পদ্মা নদী তীরবর্তী মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
পদ্মা নদীর তীরবর্তী ও নদীর বিভিন্ন চরে থাকা বাসিন্দারা জানান, হঠাৎ করেই গত সোমবার (২৬ আগস্ট) বিকেলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারাক্কার ১০৯টি গেট খুলে দেয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের পদ্মারপাড় ও নদীর মাঝে থাকা বিভিন্ন চরের বাসিন্দারা। এমনকি সারারাত হঠাৎ আসতে পারে এমন বন্যার আতঙ্কে রাত কেটেছে তাদের। অনেকেই বন্যার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।