বরিশালের মুলাদীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার তিনজনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ হয়েছে। গত ২৪ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরসাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা বেগমকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। চরসাহেবরামপুর গ্রামের রিপন সরদার ও তার সহযোগীরা এই হামলা করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষিকার স্বামী এস এম রাহাত হোসেন। তবে রিপন সরদার মাদক ব্যবসা ও হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
এস এস রাহাত হোসেন অভিযোগে উল্লেখ করেন, রিপন সরদার, তার সহযোগী সাকিল সরদার ও সাকিব খানসহ কয়েকজন এলাকায় মাদক ব্যবসা করেন। এতে চরসাহেবরামপুর গ্রামের কিশোর ও যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে।তাই কয়েক দিন আগে স্কুল শিক্ষিকা রুনা বেগম এলাকায় মাদক বিরোধী প্রচারণা করেন এবং রিপন ও তার সহযোগীদের মাদক ব্যবসা করতে নিষেধ করেন। এতে রিপন ক্ষিপ্ত হয়ে গত ২৪ আগস্ট বিকেলে শিক্ষিকার বাড়িতে হামলা চালিয়ে তাকে বেধরক মারধর ও শ্লীলতাহানী করে। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ওই দিনই মুলাদী হাসপাতালে ভর্তি করেন। গতকাল রাহাত হোসেন বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ করেন। পাশাপাশি হিজলা সেনাবাহিনী ক্যাস্পেও অভিযোগ দেন।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, শিক্ষিকার ওপর হামলার ঘটনায় তিনজনের নামে অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।