আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরের আয়োজক পাকিস্তান। এই টুর্নামেন্ট আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পিসিবি। কিন্তু এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে পাকিস্তানে খেলতে মুখিয়ে আছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের তিন শহরে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচগুলো। এখন পর্যন্ত ভারতের অংশগ্রহণ নিয়ে রয়েছে শঙ্কা। পাকিস্তান খসড়া সূচি তৈরি করে আইসিসিকে পাঠালেও বিসিসিআইয়ের তরফ থেকে কোন নিশ্চয়তা মেলেনি। ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তানে খেলা নিয়ে রোমাঞ্চিত তিনি। কুলদীপ যাদব বলেন, ‘‘খেলোয়াড় হিসেবে আমাদেরকে যেখানেই পাঠানো হবে আমরা সেখানেই খেলব। আমি আগে কখনো পাকিস্তানে যাইনি, তাই আমি রোমাঞ্চিত। পাকিস্তানের মানুষ অসাধারণ। আমরা যখনই সুযোগ পাব, অবশ্যই আমরা সেখানে যাব এবং খেলব।’’ সর্বশেষ ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করেছিল ভারত। দুই দেশের রাজনৈতিক বৈরিতায় বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজও। ভারতের আপত্তির মুখেই হাইব্রিড মডেলে হয়েছিল গত এশিয়া কাপ। অন্য দেশগুলো পাকিস্তানে গেলেও ফাইনালসহ ভারতের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছিল শ্রীলঙ্কায়। এরইমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিং চূড়ান্ত হয়েছে। আট দলের টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’ তে স্বাগতিক পাকিস্তানের সাথে রয়েছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’ তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সাথে রয়েছে আফগানিস্তান। ২০১৭ সালে সর্বশেষ আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।