বন্যাকবলিত বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সার্বিক সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে নেমেছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। প্রতিদিন তারা বন্যার্তদের সাহায্যার্থে অর্থ-পোশাক, ওষুধ সামগ্রীসহ প্রয়োজনীয় নানান কিছু সংগ্রহে কাজে ব্যস্ত সময় পার করছেন।
সাধারণ মানুষের সাথে কোমলমতি শিশুরা মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে সাহায্যার্থে এগিয়ে এসেছে। এমনকি হত-দরিদ্ররাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাসদের আয়োজনে গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। রোববার সকালে বাসদের জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, তাদের আহবানে সাড়া দিয়ে দুই শিশু শনিবার দুপুরে তাদের মাটির ব্যাংক নিয়ে আসে। গণত্রান সংগ্রহের বাক্সের সামনে এসে ওই দুই শিশু মাটির ব্যাংক ভেঙে তাতে জমানো টাকা ঢেলে দেয় বাক্সের মধ্যে। যা দেখে অনেকেই আপ্লুত হয়ে পরেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশু আসফি মাসরিব ও আরসিয়া মুনজারিন নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা এসএম রাসেল কবিরের সন্তান।