কলারোয়া সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১কেজি ৯৯৫ গ্রাম রুপার গহনাসহ তরিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তরিকুল ইসলাম মৃত. লুৎফর রহমানের ছেলে এবং দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত থেকে দক্ষিণ ভাদিয়ালী এলাকা দিয়ে অস্ত্র-গোলাবারুদ ও রুপার গহনা বাংলাদেশে পাঁচার হবে। এ সময় আমাদের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে। পরে তরিকুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। তবে তার সহযোগী আবদুল গফফার পালিয়ে যাওয়া যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার ব্যাগে রক্ষিত ১টি বিদেশি পিস্তল, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১ কেজি ৯৯৫ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।আটককৃত আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় ৪টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামি আবদুল গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে। বিজিবি আরো জানায়, আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে ও অস্ত্র- গোলাবারুদ থানায় হস্তান্তর এবং রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।