আকস্মিক বন্যায় ভেসে গেছে বাংলাদেশের বেশ কিছু এলাকা। অনাহূত প্রাকৃতিক দুর্যোগে হুমকির মুখে জনজীবন। পানিবন্দি লাখ লাখ মানুষ। সুদূর পাকিস্তানে বসছে কাঁদছে হৃদয়ের হৃদয়। তবে যে জাতির ইতিহাসই সংগ্রামের, তারা এ যাত্রায়ও মহান আল্লাহ পাকের মেহেরবানিতে বিপদ থেকে উদ্ধার পাবে-এমন বিশ্বাস তাওহীদ হৃদয়ের। ঘরে বসে না থেকে সবাইকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের হয়ে সিরিজ খেলতে এ মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন হৃদয়। দেশের কঠিন সময়ে দাঁড়াতে পারছেন না অসহায় মানুষের পাশে। তাতে নিজেকেই অসহায় মনে হচ্ছে বগুড়ার এই ক্রিকেটারের। ফেসবুক পোস্টে হৃদয় লিখেছেন, ‘নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’ হৃদয় আরও লিখেছেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবার ও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’