আফগানিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রমাকৃষ্ণান শ্রীধর। আসন্ন নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য শ্রীধরকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০১৪-২১ সাল পর্যন্ত ভারতের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন শ্রীধর। ছিলেন রবি শাস্ত্রীর কোচিং স্টাফের সদস্য। আগামী সেপ্টেম্বরে নইদায় নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শারজাহতে। এই দুই সিরিজে আফগানিস্তানের সহকারী কোচ হিসেবে কাজ করবেন শ্রীধর। আফগানদের প্রধান কোচ হিসেবে কাজ করছেন জোনাথন ট্রট। ৫৪ বছর বয়সী শ্রীধর খেলোয়াড়ি জীবনে ছিলেন বাঁহাতি স্পিনার। ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন হায়দরাবাদের হয়ে। ১৯৯০ এর দশকে ক্রিকেট খেলা শ্রীধর ২০০১ সালে শুরু করেন নিজের কোচিং ক্যারিয়ার। ব্যাঙ্গালুরুতে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কাজ করেছেন শ্রীধরন। ২০১৪ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাথেও কাজ করেছেন তিনি। এ ছাড়া আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে শ্রীধরের। পরবর্তী ভারত জাতীয় দলের ফিল্ডিং কোচ হন তিনি। রবি শাস্ত্রী ভারতের প্রধান কোচ থাকার সময়ে তার অধীনে কাজ করেছেন শ্রীধর। ভারতীয় শ্রীধর একজন লেভেল-৩ সার্টিফাইড কোচ। এসিবি জানিয়েছে, শ্রীধরকে ভবিষ্যতে দীর্ঘমেয়াদের চুক্তিতে কাজ করার কথা ভেবেই নিয়োগ দেওয়া হয়েছে।