সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কলেজের দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও নির্যাতিত শিক্ষক-কর্মচারিবৃন্দ এ কর্মসূচি পালন করে।
আন্দোলনের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমানের সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক শেখ পারভেজ ইসলাম ও শেখ রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাস থেকে বিশাল বিক্ষোভ মিছিল হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কালিগঞ্জ-শ্যামনগর সড়ক অবরোধ করে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সড়কের দু’পাশে বহু যানবাহন আটকা পড়ে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, আবদুর রউফ, আওছাফুর রহমান, অবসরপ্রাপ্ত অফিস সহকারী নিরোধ কুমার মন্ডল, উচ্চমাধ্যমিকদ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা পারভীন, দিয়া আজাদ, সহকারী অধ্যাপক আবদুল ওহাব, নাজিমুদ্দীন আহম্মেদ, সুকুমার ঘোষ, বদরুজ্জামান, দেবব্রত কুমার মিস্ত্রী, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, ডিএম নাসির উদ্দীন বাদশা, গোবিন্দ দুলাল বর, অলিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ ইসলাম, ল্যব সহকারী সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান, অফিস সহায়ক আবু বক্কর, ফজিলা খাতুন, শওকাত হোসেন প্রমুখ।
বক্তারা দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর নিয়োগবাণিজ্য, কলেজের বিভিন্ন খাত থেকে অর্থ লুটপাট, শিক্ষক-কর্মচারিদের সাথে অসৌজন্যমূলক আচরণ, কলেজে যথাযথ ভাবে দায়িত্ব পালন না করা, ছাত্রীদের সাথে অশালীন আচরণসহ নানাবিধ অপকর্মের কথা তুলে ধরেন এবং তাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্দ্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।
এদিকে কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল ওহাবের বিরুদ্ধে নিয়োগবাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নিিতর অভিযোগ তুলে তাদের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনতা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছে।