সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আলীপুর দিঘীর পাঁড় এলাকার আবদুল হান্নান ও আলীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে শরীফুল ইসলাম। আবদুল হান্নায় পেশায় মোটরসাইকেল ভাড়ায় চালাতেন।
আলিপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, আবদুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বাঁশতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আবদুল হান্নান।স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তাদের মরদেহ স্ব-স্ব বাড়িতে আনা হয়েছে বলে জানান মনিরুল।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।