ফাইনাল ম্যাচটায় আর জিততে পারল না বাংলাদেশ এইচপি দল। ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরে টপ এ- টি-টোয়েন্টি সিরিজে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এইচপিকে। এনটি স্ট্রাইককে ২১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় এইচপি। ফাইনালে অ্যাডিলেডের বিপক্ষে মাঠে নামে এইচপি। ম্যাচে আগে ব্যাট করতে নামে এইচপি। দ্বিতীয় ওভারেই রানআউট হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার জ্যাক উইন্টার। ৮ বলে ৪ রান করেন তিনি। এরপর হ্যারি ম্যাথিয়াস এবং টম ও’কনেলের ব্যাটে চড়ে এগোতে থাকে অ্যাডিলেড। হ্যারি খেলেছেন ২৩ বলে ১৯ রানের ধীরগতির ইনিংস। তাকে আউট করেছেন মাহফুজুর রহমান রাব্বি। তবে টমকে ফেরানোই যাচ্ছিল না। দারুণ মারমুখি ব্যাটিংয়ে এগোতে থাকেন তিনি। ঝড়ের গতিতে ছুটতে থাকা টমকে থামিয়েছেন এইচপির অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। নিজের প্রথম ওভারে এসেই টমকে বোল্ড করে দেন আফিফ। দারুণ খেলতে থাকা টম সাজঘরে ফিরেছেন ফিফটি হাঁকিয়ে। ৩৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ঝড়ো ব্যাটিংয়ে লিয়াম কট ১৮ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ দিকে রায়ান কিং এবং স্যাম রাহালের ব্যাটে চড়ে এগিয়েছে অ্যাডিলেড। কিং খেলেছেন ১৯ বলে ৩৫ রানের বিস্ফোরক ইনিংস। অন্যদিকে ১৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন স্যাম। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি দাঁড় করিয়েছে অ্যাডিলেড। বাংলাদেশ এইচপির হয়ে ২ উইকেট নেন রিপন মন্ডল। এ ছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন আফিফ হোসেন ধ্রুব, রকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি। জবাব দিতে নেমে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন জিসান আলম এবং তানজিদ হাসান তামিম। দুজনের উদ্বোধনী জুটি থেকে রান এসেছে ৩২। ১৯ বলে ১৮ রান করে বিদায় নেন জিসান। জিসানের বিদায়ের পর তিনে নেমে সাজঘরে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। ৬ বলে ৩ রান করেন ইমন। এরপর তানজিদ হাসান তামিম এবং আফিফ হোসেন ধ্রুব মিলে দলের হাল ধরেন। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকে এইচপির ইনিংস। ম্যাচ জেতার সম্ভাবনাও ছিল বেশ ভালোভাবেই। তবে দলের ৭৩ রানের মাথায় থামেন তানজিদ। ২৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে বিদায় নেন তানজিদ তামিম। তানজিদের বিদায়ের পর দ্রুত আরও ২ উইকেট হারিয়ে ফেলে এইচপি। সাজঘরে ফিরে যান আকবর আলী এবং শামীম হোসেন পাটোয়ারি। ক্রিজে আশার আলো হয়ে টিকে থাকা আফিফও সুবিধা করতে পারেননি বেশিক্ষণ। দলের ৮৩ রানের মাথায় ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলে আউট হয়ে যান আফিফ। শেষ দিকে দলের ইনিংসকে টেনেছেন মাহফুজুর রহমান রাব্বি। মাঝে ৬ বলে ১২ রানের ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন রকিবুল হাসান। যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রাব্বি। তবে জয়ের সমীকরণ ক্রমাগত হয়ে পড়ছিল কঠিনতর। শেষ ৩ ওভারে জেতার জন্য এইচপির দরকার ছিল ৪৭ রান। শেষ দিকে অনেক লড়াই করেও আর এই সমীকরণ মেলাতে সক্ষম হয়নি বাংলাদেশ এইচপি। ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন রাব্বি। ১৩ বলে ১১ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন রিপন মন্ডল। ১৯.৫ ওভারের মাথায় ১৩৭ রান তুলে অলআউট হয়ে যায় এইচপি। ৩২ রানের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। এইচপিকে সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়েই। অ্যাডিলেডের হয়ে ২টি করে উইকেট তুলেছেন লয়েড পোপ, নোয়াহ ম্যাকফায়দেন, টিম ওকলে, লিয়াম স্কট এবং জর্ডান বাকিংহাম।
সংক্ষিপ্ত স্কোর :
অ্যাডিলেড স্ট্রাইকার্স : ২০ ওভারে ১৬৯/৭ (ও'কোনেল ৫৩, কিং ৩৫, রিপন ২/৩৭)
বাংলাদেশ এইচপি : ১৯.৫ ওভারে ১৩৭/১০ (তানজিদ ৩৫, রাব্বি ২১, পোপ ২/২০)।