চোরাচালান ও পাচার রোধে সাতক্ষীরা সীমান্ত রেখায় কঠোর নজর রেখেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যরা। গত দু’দিনে বিজিবি সদস্যরা ১টি পিস্তল (দেশীয়) ও ৮ রাউন্ড গুলি এবং ৯ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা আটক করেছেন। বিজিবি জানায়, ১৩ আগস্ট বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো, আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ৯ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা আটক করে। মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে ১৫০ গজ বাংলাদেশে অভ্যন্তরে চান্দা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা রুপার গহনা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে-এমন সংবাদ প্রাপ্তির পর মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা ওই এলাকায় আগমনের পর বিজিবি’র টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে রুপার ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৯ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তের লক্ষ বায়ান্ন হাজার চারশত টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি (সাধারণ ডায়েরী) করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়। এদিকে, ১২ আগস্ট রাতে বিজিবি’র অভিযানে সাতক্ষীরার কুশখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে আসামীবিহীন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, কুশখালী বিওপি‘র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সুলতান মাহমুদ ও হাবিলদার আজমলসহ একটি চৌকষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশান পোস্ট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে অস্ত্র পাচারের তথ্য পাওয়া যায়। ওই তথ্যের আলোকে আভিযানিক দলটি পূর্ব থেকে ওই এলাকায় অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা পলায়নে উদ্যত হলে অভিযানিক দল তাদের ধাওয়া করে। এ সময় রাতের অন্ধকারে ঘন বন দিয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিকদল ওই এলাকা তল্লাশী করে ১টি পিস্তল (দেশীয়) ও ৮রাউন্ড গুলি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এগার হাজার ছয়শত টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়রী করে জমা করা হয়েছে। ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।