চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে মাঠে গড়াবে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ক্রিকেটের দুই পরাশক্তি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দিকে নিশ্চিতভাবেই নজর থাকবে গোটা ক্রিকেটবিশ্বের। বেশ আগেভাগেই সেই সিরিজের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছেন অজি গ্রেট রিকি পন্টিং। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শীর্ষ দুই দল ভারত এবং অস্ট্রেলিয়া। প্রথম স্থানে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভালো ফলাফল করতে পারলে আগামী বছর লর্ডসের ফাইনালটা নিশ্চিত হয়ে যেতে পারে যেকোনো দলের জন্য। ফলে বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সিরিজ। বোর্ডার-গাভাস্কার ট্রফিটা বর্তমানে রয়েছে ভারতের কাছে। ২০১৭ সালের মার্চে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জেতার পর থেকে তাদের কাছেই আছে ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ দুই সিরিজেও জিতেছে ভারত। তবে অজি গ্রেট পন্টিং মনে করেন, এবার হারের মুখ দেখবে ভারত, জিতবে তার নিজের দেশ অস্ট্রেলিয়া। সম্প্রতি দ্যা আইসিসি রিভিউতে পন্টিং বলেন, ‘এটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হতে চলেছে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার নিজেদের মাটিতে নিজেদেরকে ভারতের প্রমাণ করার ব্যাপার রয়েছে, বিশেষ করে গত ২ সিরিজে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে যা ঘটেছে তা মাথায় রেখে।’ পন্টিং আরও বলেছেন, ‘সিরিজের বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা আবারও ৫ টেস্টের সিরিজে ফিরে যাচ্ছি। শেষ কয়েক বার মাত্র ৪ টেস্টের সিরিজ ছিল। আমি আশা করি সবাই ৫ টেস্টের সিরিজ নিয়ে দারুণ রোমাঞ্চিত এবং আমি বিশ্বাস করি আমরা খুব বেশি ম্যাচে ড্র দেখব না।’ ভবিষ্যদ্বাণী করতে গিয়ে অস্ট্রেলিয়ার জয়ের কথা উল্লেখ করে পন্টিং বলেন, ‘আমি অবশ্যই অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখব। এখানে কিছু বৈরি আবহাওয়ার প্রভাব পড়তে পারে এবং কোনো ম্যাচ ড্র হতে পারে। ফলে আমি বলব অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে।’ অস্ট্রেলিয়ার স্কোয়াড নিয়েও নিজের ধারণা প্রকাশ করেছেন পন্টিং। ডেভিড ওয়ার্নারের অবসরের পর অজিদের হয়ে টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে দেখা যাচ্ছে স্টিভেন স্মিথকে। এই প্রসঙ্গেও নিজের মতামত দিয়েছেন পন্টিং। রিকি পন্টিং বলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া নিজেদের পরিচিত মুখদেরই দলে নেবে। অস্ট্রেলিয়াকে ঘিরে একটি প্রশ্ন উঠতে পারে আবারও যে, স্মিথ ব্যাটিংয়ে ওপেন করার জন্য সঠিক ব্যক্তি কিনা। এই প্রশ্নটিই কেবল উঠতে পারে। তবে এখানে উদ্দেশ্য শুধুই ক্যামেরন গ্রিনকে খেলানো। ফলে স্মিথ ওপেনিংয়ের জন্য যোগ্য কিনা তার চেয়ে স্মিথ নিজের জন্য ওপেনিংকে সঠিক জায়গা হিসেবে দেখে কিনা তা বেশি জরুরি ব্যাপার। কারণ আমি মনে করি যদি স্মিথ মনে করি এটি তার জন্য সঠিক জায়গা নয় তাহলে তারা পরিবর্তন এনে অন্য কাউকে সেখানে খেলাবে।’ ভারতের ক্রিকেটারদের ব্যাপারেও নিজের বক্তব্য প্রকাশ করেছেন পন্টিং। দীর্ঘদিন আইপিএলে কোচিং করানোর ফলে ভারতের ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে ভালোই জানাশোনা আছে পন্টিংয়ের। ৭ বছর দিল্লী ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব থাকার পর কিছুদিন আগে সেই দায়িত্ব ছেড়েছেন। দিল্লীর হয়ে খেলা ভারতীয় পেসার খলিল আহমেদকে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে দেখতে চান পন্টিং। রিকি পন্টিং বলেন, ‘আমার মনে হয় খলিল আহমেদ এই টেস্ট সিরিজের সফরে জায়গা পেতে পারে। আমি জানি সম্প্রতি সে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজে খেলেছে। তবে একজন বাঁহাতি পেসার এই সিরিজে ভারতের জন্য কার্যকরী হতে পারে। (মোহাম্মদ) শামি ততদিনে ফিট হয়ে যাবে। (মোহাম্মদ) সিরাজের ব্যাপারে আমরা জানি সেও থাকবে এবং (জাসপ্রীত) বুমরাহও নিশ্চিতভাবেই থাকছে। ফলে দুই দলের লাইনআপই খুবই, খুবই শক্তিশালী হতে যাচ্ছে।’ আগামী ২২ নভেম্বর পার্থে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।