বিরাট কোহলি অনায়াসে আরও ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন, এমনটিই মনে করেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এ ছাড়া রোহিত শর্মাও চাইলে আরও ২ বছর খেলতে পারবেন বলে মনে করেন হরভজন। ফিটনেসের কারণেই রোহিতের চেয়ে কোহলিকে এগিয়ে রেখেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন ব্যস্ত সূচি। ঠাসা ম্যাচ, একের পর এক সিরিজ-সফর। সাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। আর এই ব্যস্ত সূচির সাথে কোহলি হেসেখেলে মানিয়ে নেবেন বলেই বিশ্বাস হরভজনের। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, 'রোহিত সহজেই আরও ২ বছর খেলতে পারবে। কোহলির ফিটনেসের সাথে কারও তুলনা হয় না। তাকে অনায়াসে আরও ৫ বছর খেলতে দেখতে পারেন। ১৯ বছরের একজন তরুণের সাথে যদি কোহলির ফিটনেসের প্রতিযোগিতা হয়, তাহলে কোহলি জিতবে। সে এতটাই ফিট। আমি বিশ্বাস করি, কোহলি ও রোহিতের অনেক ক্রিকেট বাকি রয়ে গেছে। তারা আর কতদিন খেলতে চায় এটা তাদের উপরই নির্ভর করবে।'
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে কোহলি ও রোহিত দুজনই অবশ্য অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। তাতে দুজনের ধকলও অনেকটা কমেছে। হরভজন মনে করেন, ওয়ানডে বাদ দিয়েও চাইলে শুধু টেস্ট ফরম্যাটে নিজেদের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেন কোহলি ও রোহিত। তিনি বলেন, 'যদি তারা দুজন ফিট থাকে এবং পারফরম্যান্স দিয়ে দলের জয়ে অবদান রাখে, তাহলে লাল বলের ফরম্যাটে এই দুজনকে প্রয়োজন। যেকোনো ফরম্যাটেই অভিজ্ঞতা খুব প্রয়োজন। আর নতুন প্রতিভা তৈরি করার জন্যও দলে অভিজ্ঞ লোক দরকার।' তবে সিনিয়র বা জুনিয়র যে খেলোয়াড়ই হোক, পারফর্ম না করলে দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।