সাতক্ষীরার তালায় দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধমুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ-শিল্প বিষয়ক সম্পাদক আবদুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজুল ইসলামকে সাময়িক বহিস্কার করা হয়েছে। খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামে দুইজন বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজী, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ-শিল্প বিষয়ক সম্পাদক আবদুল হান্নান গাজী সাময়িক বহিস্কার করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম মঙ্গলবার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরামুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজুল ইসলামকে সাময়িক বহিস্কার করা হয়।
অন্যদিকে খলিলনগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী আছির উদ্দিন এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামে দুইজন বিএনপি নাম ভাঙ্গিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজী, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানান, এরা দলের কেউ না তাদের অপকর্মের দায় দল নেবে না।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় গণমাধ্যমকে জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাচ্ছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিস্কার করা হচ্ছে।