দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ আগস্ট বিকাল ৫টার সময় দেবহাটা উপজেলার সখিপুর কলেজ মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সুরা সদস্য হাফেজ মাওলানা রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ওমর ফারুক ও জেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল। এ সময় জামায়াতে ইসলামীর নেতা সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, আজকে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমরা শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ সেটা কখনো হতে দেবনা। বক্তারা বলেন, এদেশে সংখ্যালঘু বা সংখাগুরু বলে কিছু নেই, আমাদের একটিই পরিচয় আর সেটা হলো আমরা বাংলাদেশী। বক্তারা কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।