বিজিবি ব্যাটালিয়ন থেকে ছুটি না নিয়ে তিনি গোপনে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে শাওন ঘোষ নামে এক বিজিবি সদস্যকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে ধরা হয়। আটক বিজিবি সদস্য ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের বিধান ঘোষের ছেলে। তিনি খুলনার ২১ ব্যাটালিয়ন বিজিবির সদস্য বলে জানা গেছে।
স্থানীয় পরিবহন ব্যবসায়ী জুয়েল জানান, তারা চেকপোস্টে অবস্থান করছিলেন। ইমিগ্রেশন পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশে বাধা দিয়ে তাকে ফেরত দেয়। এ সময় প্যাসেঞ্জার টার্মিনালের সামনে সন্দেহভাজন চলাফেরা দেখে স্থানীয় জনতা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার মোবাইল চেক করে। প্রথমে তিনি কৃষক ও পরে ছাত্রদলের কর্মী পরিচয় দেন। এ সময় ফেসবুক ঘেটে দেখা যায় চলমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে তার ছবি তোলা রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি এসব ঘটনায় আতঙ্কিত হয়ে গা-ঢাকা দিতে ভারতে যাচ্ছিলেন।
আটক বিজিবি সদস্য শাওন ঘোষ প্রাথমিক জিজ্ঞাসায় বিজিবির কাছে জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। পুলিশ ও জনতার কাছে আতঙ্কিত হয়ে তিনি ভুল বলেছেন। তবে ছুটি না নিয়ে কেন যাচ্ছেন বা মোবাইলে বিতর্কিত এসব ছবি পোস্ট করা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি এ বিজিবি সদস্য। বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানান, জনতা তাকে ধরে বিজিবির হাতে তুলে দিয়েছে। তবে তার সঙ্গে কেউ খারাপ আচরণ করেনি। তিনি অনিয়ম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে বিজিবি ব্যাটালিয়নে সোপর্দ করা হয়েছে। তারা বিষয়টি দেখছে।