বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণজাগরণকে ব্যর্থ প্রমাণ করার জন্য ও নতুন সরকারকে ব্যর্থ করার জন্য মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচারণা চালাচ্ছে একটি মহল।
সোমবার (১২ আগস্ট) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গণ-আন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি ও শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ততা ছিল না। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। জীবদ্দশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, আজকে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সফল হবে বাংলাদেশের ক্রীড়া আঙ্গনকে আন্তর্জাতিক মহলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
বিএনপি মহাসচিব বলেন, একই সাথে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান যে অন্তবর্তীকালীন সরকার রয়েছে তাদের অনুরোধ অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার জন্য। এবং সমস্ত বিপদ কাটিয়ে সত্যিকার অর্থে একটি মুক্ত বাংলাদেশ তৈরি করার। সেই সাথে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার গঠন হবে।