দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা, সহিংসতা, হত্যা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি বন্ধ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা কালিগঞ্জ শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় কালিগঞ্জ উপজেলা সদেেরর ফুলতলা মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পূজ্ াউদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে ফুলতলা মোড় গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মিলন কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিত সরকার, হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীত কুমার সেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বরুন ঘোষ, ইলা দেবি মল্লিক, গোপিরঞ্জন অধিকারী, ছাত্র প্রতিনিধি প্রদিপ ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন শাখার সভাপতি অশোক, বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র, কুশুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চন্দ্র, নির্যাতনের শিকার পূর্ব নারায়নপুরের গ্রামের লিপিকা সরকার ও কৃষ্ণনগর গ্রামের সুশান্ত ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রতি রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে। সরকার পরিবর্তন হলেই হিন্দুরা নির্যাতিত হয়, এটা বন্ধ করতে হবে। আমরা এদেশের নাগরিক, আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের নিরপত্তা নিশ্চিত করতে হবে। উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ ও তাদের উপাসনালয়ের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বিএনপির নেতৃবৃন্দের প্রশংসা কারে তারা আরও বলেন, তারাা আমাদের বাড়ি ঘর ও পূজা মন্ডপ দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষার জন্য পাহারা দিচ্ছেন। কিন্তু আমরা চাই মসজিদগুলো যেমন পাহারা দেয়ার প্রয়োজন হয়না তেমনি আমাদের উপাসনালয়গুলো পাহারা ছাড়াই নিরাপদ থাকবে এমন একটি রাষ্ট্রব্যবস্থা। কালিগঞ্জ উপজেলায় কিছু বিচ্ছিন ঘটনা ঘটেছে উল্লেখ করে পুনরায় যেন কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে সক্রিয় ও সজাগ থাকার জন্য বক্তার আহবান জানান।