বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এক দফার অসহযোগ আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইলিয়াস খান (৩৩)। নিহত ইলিয়াস জেলার গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের ফারুক খানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, পশ্চিম শাওড়া দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র ইলিয়াস খান দীর্ঘদিন ঢাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছিলো। গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এক দফার অসহযোগ আন্দোলনে যোগদান করেন ইলিয়াস খান। ওইদিন ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসে মাথার পিছন থেকে গুলি লাগে তার। এরপর থেকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ইলিয়াস খান। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াসের মৃত্যু হয়। ওইদিন বিকেলে মরহুমের জানাজা শেষে উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।