এল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক খোকনের বাড়িতে সকলকে চেতনানাশক দ্রব্য খাওয়ায়ে বা স্প্রে দিয়ে অজ্ঞান করে মূল্যবান মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে ফিংড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আলহাজ্ব আনার উদ্দীন সরদারের পুত্র মোজাম্মেল হক ও স্কুল শিক্ষক রেজাউল হক খোকন ঘটনার রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ির সকলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সবাই যখন দস্যুদের দেওয়া চেতনা নাশক দ্রব্যের গন্ধ শুকে বা খাদ্য দ্রব্যে মেশানো চেতনা নাশক খেয়ে অঘোরে ঘুমাচ্ছে এ সুযোগে দস্যুদল ঘরের জানালা ভেঙ্গে এবং বিভিন্ন ঘরের ৪টি দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে স্টিলের বাক্সে ও আলমারীতে থাকা ২২ ভরি ওজনের স্বর্নালঙ্কার ও ১ লক্ষ ২৭ হাজার নগদ টাকাসহ মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে চলে যায়।
যাওয়ার সময় ৪টি মালামাল বর্তি টিনের বাক্স নিয়ে বেড়ের মধ্যে নিয়ে খুলে দেখে অপ্রয়োজনীয় মালামাল ফেলে রেখে চলে যায়। সকালে কেউ কেউ চেতনা ফিরে পেলেও মোজাম্মেল হক এখনো স্বাভাবিক হতে পারেননি। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য ৬ মাস আগেও একই ভাবে এ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। দস্যুদল মোটর সাইকেল, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গিয়েছিল।