মুন্সীগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে সকাল থেকেই মাঠে নেমেছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল।
তিনি বলেন, ‘তাদের নামপরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। নিহত দুজনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে। জরুরি বিভাগে ২০ জনের বেশি আহত মানুষ এসেছেন।’
মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘হতাহতের সংখ্যা এখনও বলতে পারছি না। তবে পুলিশ কোনো গুলি চালায়নি।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারাদেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।