জার্মান ফুটবলে পাড়ি জমালেন ইয়ান কৌতু। ম্যানচেস্টার সিটি থেকে এক মৌসুমের জন্য ধারে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিলেন এই ব্রাজিলিয়ান রাইট-ব্যাক। প্রাথমিকভাবে সিটির সঙ্গে ৩ কোটি ইউরোর বিনিময়ে এই চুক্তি করেছে ডর্টমুন্ড। একইসঙ্গে কৌতুকে স্থায়ীভাবে কেনার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে। চুক্তির বিষয়টি শনিবার বিবৃতি দিয়ে জানায় গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্টরা। ২২ বছর বয়সী কৌতুর কাছে এটি স্বপ্নপূরণের অনুভূতি। “আমার জন্য এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। বরুশিয়া ডর্টমুন্ড বিশেষ ক্লাব। ব্রাজিলের সকল শিশুই জানে কী দারুণ ক্লাব এটি।” ২০২০ সালে সিটিতে যোগ দেন কৌতু। তবে ইংলিশ দলটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সিটি ফুটবল গ্রুপের আরেক দল স্প্যানিশ ক্লাব জিরোনায় ধারে পাঠানো হয় তাকে। পরে আরও দুই বছর জিরোনায় কাটান কৌতু। মাঝে পর্তুগিজ ক্লাব ব্রাগায়ও এক বছর ধারে ছিলেন তিনি।