উইম্বলডনের দৃশ্যই ফিরে আসছে প্যারিস অলম্পিকের টেনিসের ফাইনালে। রোঁল্যা গারোর কোর্টের শ্রেষ্ঠত্বের মঞ্চে আবারো মুখোমুখি হচ্ছেন টেনিসের বর্তমান ও ভবিষ্যত তারকা। প্রথমবারের মতো অলিম্পিকের ফাইনালে উঠেছেন দুই ফাইনালিস্ট কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচ। পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচের আগেই সবচেয়ে কণিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফাইনাল নিশ্চিত করেন আলকারাজ। ১৯৮৮ সালে ‘গ্রেটেস্ট শো অন আর্থে’ পুনরায় টেনিস চালু হওয়ার পর ২১ বছর বয়সে রেকর্ডের মালিক হন ভবিষ্যতের টেনিস তারকা। গত শুক্রবার প্রথম সেমিফাইনালে ফেলিক্স অগার-আলিয়াসিমেকে সরাসরি ৬-১, ৬-১ গেমে হারান আলকারাজ। জর্দি অ্যারেসি ও রাফায়েল নাদালের পর স্পেনের তৃতীয় খেলোয়াড় হিসেবে তার ফাইনাল নিশ্চিত হওয়ার পরেই সম্ভাবনা জেগেছিল প্যারিস অলিম্পিকের ফাইনালে দেখা হতে পারেন আলকারাজ-জোকোভিচ। দ্বিতীয় সেমিফাইনালে ইতালির লরেঞ্জো মুসেত্তিকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সেই সম্ভাবনার পূর্ণতা দেন জোকোভিচ। আলকারাজ যখন সর্বকণিষ্ঠ তখন ৩৭ বছর বয়সে সবচেয়ে বেশি বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠেছেন জোকোভিচ। পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জিতলে কখনো সোনার পদকে চুমু এঁকে দেওয়া হয়নি জোকোভিচের। এবার সেই লক্ষ্য পূরণ করতে আর এক ধাপ বাকি তার। তবে লক্ষ্যটা পূরণ করার পথটা সহজ হবে সার্বিয়ান তারকার। প্রতিপক্ষ আলকারাজ যে এখন টেনিস কোর্টে তার বড় প্রতিপক্ষ। সবশেষ দুই উইম্বলডন ফাইনালে তাকে খালি হাতে ফিরতে বাধ্য করেছেন স্প্যানিশ এই তরুণ। এবার আলকারাজের হ্যাটট্রিক নাকি জোকোভিচের প্রতিশোধ সেটাই দেখার বিষয়। অলিম্পিকের ফাইনালে উঠা নিয়ে দারুণ খুশি জোকোভিচ। তিনি বলেছেন,‘এটা বিশাল সম্মানের। আমি সোনার জন্য লড়ব। কোনো সন্দেহ নেই এটা বড় একটা বিষয়। সে (আলকারাজ) আমাকে উইম্বলডনে হারিয়েছে। তবে সেসব ভিন্ন এক পরিবেশে। আমি অনুভব করছি উইম্বলডনের থেকে আরো ভালো খেলোয়াড়। আমার সেরাটা দিতে লড়ব।’ এর আগে ফাইনাল নিশ্চিত করার পর জোকোভিচের মুখোমুখি হওয়া নিয়ে আলকারাজ বলেছেন,‘নোভাকের মুখোমুখি হওয়া সব সময় কঠিন। সেটা ফাইনালে হোক কিংবা প্রথম রাউন্ড।’