টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধির কারণে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। গাবুরার বাসিন্দা অয়েজ কুরুনী জানান, বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪নং ওয়ার্ডের ৩নং গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গাবুরা ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য ইমাম হোসেন জানান, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। বৃহস্পতিবার সকাল নাগাদ তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার লাভ করেছে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে। গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বাঁধে ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে। শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের ১৫নং পোল্ডারে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাত হোসেন বলেন, আমরা জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নিয়েছি। আজই কাজ শুরু হবে।