বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা রাস্তায় নামলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এ সময় পাল্টাপাল্টি সংঘর্ষে কমপক্ষে ৫০ জনকে আটক করা হয়।
মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামেন আন্দোলনকারীরা। সারা দেশে জেলায় জেলায় আদালতের সামনে অবস্থান নেন তারা। কিছু স্থানে সড়ক অবরোধ করায় পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বাধা হয়ে দাঁড়ায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে অবশেষে করা হয় লাঠিচার্জ।
বুধবার দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে আন্দোলনকারীরা একাট্টা হয়। সারা দেশে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে থাকেন শিক্ষার্থীরা; জড়ো হন দোয়েল চত্বরে। সেখানে ওঠে স্লোগানের ঝড়।
এ সময় শিক্ষার্থীরা নয় দফা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।