জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে গণমাধ্যম কর্মী ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর। ‘ভরবো মাছে মোদের দেশ গড়বে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সদস্য শের আলী, মাসুদ পারভেজ ক্যাপ্টেন. সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, হাফিজুর রহমান শিমুল, এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, আলমগীর হোসেন, শেখ আল নূর আহম্মেদ ইমন প্রমুখ। এ সময় শেখ সাদিকুর রহমান, সোলায়মান মামুন, নুরুজ্জামান খোকনসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষী ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা সমগ্র বাংলাদেশে মৎস্য সম্পদের সুরক্ষা ও সম্মৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কতৃক গৃহীত কার্যক্রম তুলে ধরেন। এছাড়াও তিনি কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকা- এবং মৎস্য চাষীদের পরামর্শ ও সহযোগিতার বিষয়ে অবগত করেন।
সারা দেশের ন্যায় ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হবে। জাতীয় মৎস্য সপ্তাহে র্যালি, জেলা ও উপজেলায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, সফল মৎস্য চাষী উদ্যোক্তা, ব্যক্তি, প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলায় মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বত্তোম ব্যবহার বিষয়ক মতবিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর বা জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, মৎস্য বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতা, সুফল ভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।