দেবহাটা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে রুহুল হক এমপি অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার ৩০ জুলাই, ২৪ ইং সকাল ১১টায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক। সভার শুরুতে কোটা বিরোধী আন্দোলনে নিহত দেবহাটার শিক্ষার্থী আসিফ হাসানের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। প্রধান অতিথি রুহুল হক এ সময় বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতি উত্তরনে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, আজকের যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্মকে একটি চক্র ভুল বুঝিয়ে দেশকে অস্থিতিশীল করতে অপপ্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার, সরকার যে উন্নয়ন কাজ করছে দেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করতে কাজ করছে সেটা যাদের সহ্য হয়না তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সেইসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান। রুহুল হক দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান। সাথে সাথে কেউ যেন কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম সাখাওয়াত হোসেন, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আবদুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে ৫ আগস্ট শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৭ লাখ ৯০ হাজার টাকার ঋণ, ৬ জনকে হুইল চেয়ার এবং ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৮জনকে ৩ হাজার টাকা হারে প্রদান করেন এবং প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার ও বনবিভাগের আয়োজনে বিভিন্ন গাছের চারা বিতরন করেন। এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে ২টি গাছের চারা রোপন করেন।