কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ সদস্যরা গ্রেপ্তার বাণিজ্য করলে শুধু প্রত্যাহার নয়, বরং দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপি সদর দপ্তরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নিরস্ত্র মানুষকে পুলিশের গুলি করার দৃশ্য সিসি ফুটেজে দেখা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে বিপ্লব বলেন, প্রত্যেকটি ঘটনার পূর্বাপর বিচার করতে হবে। আমাদের সদস্য যদি গুলি করে থাকে, কোন প্রেক্ষাপটে গুলি করেছে সেগুলো পর্যালোচনা করা হবে। যেসব ঘটনায় মামলা হয়েছে, প্রত্যেকটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে, যেন প্রশ্ন না ওঠে পুলিশ মামলা নিয়ে পক্ষপাত করছে।
তিনি বলেন, যদি এ ধরনের কোনো অভিযোগ আসে এবং প্রমাণ পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে দায়ী পুলিশ সদস্যকে শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ব্লক রেইডে যেন কোনো ধরনের আইনের ব্যত্যয় না ঘটে, নিরপরাধ মানুষ যেন বিন্দুমাত্র পুলিশের দ্বারা হয়রানির শিকার না হয় সে ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে। এরপরেও যদি কোনো ব্যত্যয় ঘটে সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।