রেয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে কিলিয়ান এমবাপেকে। ফরাসি তারকার সঙ্গে জুড বেলিংহ্যাম ও দানি কারভাহালকেও প্রাক-মৌসুমের যুক্তরাষ্ট্র সফরের দলে রাখেনি স্প্যানিশ ক্লাবটি। গত ইউরোতে এমবাপের নেতৃত্বে সেমি-ফাইনালে খেলে ফ্রান্স। স্পেনের বিপক্ষে হেরে শেষ চারের লড়াই থেকে বিদায় নেওয়ার পর ছুটিতে যাওয়ার কথা বলেন তিনি। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে রেয়ালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় সপ্তাহ দুয়েক আগে। দীর্ঘ মৌসুম শেষে এরপর তাকে বিশ্রাম নিতে বলেছেন বলে কদিন আগে জানান রেয়াল কোচ কার্লো আনচেলত্তি। পিএসজি ছেড়ে রেয়ালে যোগ দেওয়া এমবাপের মতো ছুটিতে আছেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম ও স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল। ২০২৪ ইউরোর ফাইনালে দুইজনে প্রতিপক্ষ হিসেবে খেলেন। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করে স্পেন। পালমেইরাস থেকে রেয়ালে যোগ দেওয়া ১৮ বছর বয়সী এন্দ্রিককে অবশ্য যুক্তরাষ্ট্র সফরের দলে রেখেছেন আনচেলত্তি। এন্দ্রিকের জাতীয় দলের দুই সতীর্থ ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোও আছেন স্কোয়াডে। তবে তারা দলের সঙ্গে যোগ দেবেন কিছুদিন পর। শিকাগোতে রোববার পৌঁছানো রেয়ালের স্কোয়াডে ১২ জন যুব দলের খেলোয়াড়কেও রেখেছেন আনচেলত্তি। ইউরোপের সফলতম ক্লাবটির যুক্তরাষ্ট্র সফর শেষে এমবাপের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১৪ অগাস্ট উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে রেয়ালের জার্সিতে অভিষেক হতে পারে ২৫ বছর বয়সী এই ফুটবলারের। যুক্তরাষ্ট্র সফরে এসি মিলান, বার্সেলোনা ও চেলসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে রেয়াল। আগামী বুধবার ইতালির ক্লাব মিলানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর শনিবার খেলবে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। ৬ অগাস্ট তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি।