পাকিস্তানের দুই বোলার হয়ে উঠেছিলেন ব্যাটসম্যান। বাংলাদেশের এক ব্যাটসম্যান জবাব দিলেন বোলার হয়ে! অষ্টম উইকেটে দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে গিয়েছিলেন খুররাম শাহজাদ ও মুহাম্মাদ আলি। কিন্তু শেষ মুহূর্তে বাঁধ সাধলেন মাহমুদুল হাসান জয়। অধিনায়কের দুর্দান্ত বোলিংয়ে নাটকীয় জয় পেল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় চার দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসকে (‘এ’ দল) ৫ রানে হারাল বাংলাদেশ এইচপি দল। ডারউইনে সোমবার শেষ ইনিংসে ২৯৬ রান তাড়ায় পাকিস্তানিরা আটকে যায় ২৯০ রানে। শাহজাদ ও আলির জুটিতে একপর্যায়ে পাকিস্তানের রান ছিল ৭ উইকেটে ২৮৭। এরপর নিজের টানা দুই ওভারে এই দুজনকেই আউট করে দেন জয়। শেষ ব্যাটসম্যান কাশিফ আলিকে বোল্ড করে ম্যাচ শেষ করে দেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। তিন রানের মধ্যে শেষ তিন উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় পাকিস্তান। প্রথম শ্রেণির ক্রিকেটে আগের ৩৩ ম্যাচে স্রফে ৩ উইকেট ছিল জয়ের। এই ইনিংসে তার প্রাপ্তি ২১ রানে ৫ উইকেট! নিজের আসল কাজেও এই ম্যাচে সফল ছিলেন বাংলাদেশ অধিনায়ক। দুই ইনিংসে রান করেন ৬৯ ও ৬৫। মারারা ওভালে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ উইকেট, পাকিস্তানের দরকার ছিল ১৬০ রান। ৪৪ রানে অপরাজিত থাকা ওপেনার হাসিবউল্লাহ খানকে ৫১ রানে বোল্ড করে দেন রেজাউর রহমান রাজা। এরপর তাইয়াব তাহির ও ওমাইর বিন ইউসুফ দলকে টেনে নেন অনেকটা দূর। ৬৫ রানের জুটি গড়েন দুজন। থিতু হয়ে যাওয়া এই দুই ব্যাটসম্যানকেও অল্প সময়ের মধ্যে থামান জয়। ৪৩ রান করে বিদায় নেন তাহির, ৪৫ রানে ওমাইর। দুটি ক্যাচই নেন আইচ মোল্লা। পাকিস্তান শাহিনসের রান তখন ৭ উইকেটে ২৩০। সেখান থেকেই শাহজাদ আর আলির প্রতিরোধ। একটু একটু করে দলকে এগিয়ে নন দুজন আর ফিকে হতে থাকে বাংলাদেশ এইচপির আশা। দ্বিতীয় নতুন বলেও যখন কাজ হচ্ছিল না, পাকিস্তান যখন লক্ষ্য থেকে কেবল ৯ রান দূরে, আবার বল হাতে নেন জয়। এবারও তিনি চমকে দেন দারুণভাবে। নতুন স্পেলের প্রথম ওভারেই আলিকে বোল্ড করে ৫৭ রানের জুটি ভাঙেন তিনি। নিজের পরের ওভারে ফিরিয়ে দেন তিন চার ও এক ছক্কায় ২৮ রান করা শাহজাদকেও। এরপর শেষ উইকেটও ধরা দেয় দ্রুতই। ফায়সাল আকরামকে বোল্ড করে দলকে আনন্দে ভাসান মুরাদ। বাংলাদেশ এইচপির জয়ে দুই ম্যাচের সিরিজ শেষ হলো সমতায়। প্রথম ম্যাচে ১৪৮ রানে জিতেছিল পাকিস্তানিরা। বাংলাদেশ এইচপি দল এরপর খেলবে দুটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
বাংলাদেশ এইচপি ১ম ইনিংস: ২৫৮
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ১৭৯
বাংলাদেশ এইচপি ২য় ইনিংস: ২১৬
পাকিস্তান শাহিনস ২য় ইনিংস: (লক্ষ্য ২৯৬, আগের দিন ১৩৬/৪) (হাসিবউল্লাহ ৫১, তাহির ৪৩, ওমাইর ৪৫, আলি ২১, শাহজাদ ২৮, আকরাম ১, কাশিফ ১*; রিপন ২৩-৩-৭৪-০, মারুফ ১২-১-৩৮-০, রেজাউর ১৯-২-৮৫-৩, মুরাদ ২৬.২-৫-৬২-২, জয় ১৩-১-২১-৫)।