কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক থেকে বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়কের রাবির প্রধান ফটকে সমাবেশ করেন।
এ সময় ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমাদের হল বন্ধ কেন, প্রশাসন জবাব চাই’ এমন সব স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ভাবেই তারা কর্মসূচি শেষ করেছেন। সেখানে বাড়তি পুলিশ রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।’
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা রাজশাহীসহ সারাদেশে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তারা। এ ছাড়া শিক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাবি উপাঁচার্যের পদত্যাগ চান শিক্ষার্থীরা। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।