ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনে গত অর্থ বছরের তুলনায় চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬ লক্ষ ৫৪ হাজার ৮৯৩ মেট্রিক টন পণ্য কম আমদানি হলেও গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ২৭৫.৮৬ কোটি টাকা। অর্থাৎ গত অর্থ বছরের তুলনা চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৪৩.৬৭%। ভোমরা শুল্ক স্টেশন হতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ভোমরা স্থল শুল্ক স্টেশনে ২০২৩-২০২৪ চলতি অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৯০৭.৫৮ কোটি টাকা, যা ২০২২-২০২৩ অর্থ বছরে ছিলো ৬৩১.৭২ কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ২৭৫.৮৬ কোটি টাকা। ভোমরা শুল্ক স্টেশন হতে প্রাপ্ত তথ্য থেকে আরও জানা যায়, ২০২২-২০২৩ গত অর্থ বছরে রপ্তানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ২১হাজার ৬২৭টি এবং ২০২৩-২০২৪ চলতি অর্থ বছরে রপ্তানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ২৪ হাজার ৫৮০টি। যা গত অর্থ বছরের তুলনা চলতি অর্থ বছরে রপ্তানিকৃত গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩.৬৫%। এ ছাড়া চলতি অর্থ বছরে আমদানিকৃত পণ্যবাহী গাড়ি এসেছে ৬৩ হাজার ৯০২টি, যা গত অর্থ বছরে ছিল ৮২ হাজার ২২৮টি। গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের পণ্যবাহী গাড়ির সংখ্যা কম এসেছে ১৮ হাজার ৩২৬টি। অপর দিকে গত অর্থ বছরে আমদানিকৃত পণ্যের পরিমান ছিল ৩০ লক্ষ ৯হাজার ৯৫৫ মে. টন এবং চলতি অর্থ বছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ ২৩ লক্ষ ৫৫ হাজার ৬২ মে. টন। যা গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে আমদানিকৃত পণ্য কম হয়েছে ৬ লক্ষ ৫৪ হাজার ৮৯৩ মেট্রিক টন। আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল স্থল বন্দরের পরেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অবস্থান। দিনে গড়ে ২শত থেকে ২৫০টি ভারতীয় পণ্যবাহী ট্রাকের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, আবশ্যক পণ্য ও ইন্ডাস্ট্রিয়াল পণ্য আমদানি হয়ে থাকে ওই স্থলবন্দর দিয়ে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন গড় ৫০ থেকে একশত পণ্যবাহী ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে। এ ছাড়া প্রতিদিন ৮শত থেকে এক হাজার জন পার্সপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে আসা-যাওয়া করেন। এই বন্দর দিয়ে ৭৮টি পণ্য আমদানির অনুমতি আছে। শুরু থেকেই এই বন্দরে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ও বাঁধা বিপত্তি থাকলেও বর্তমানে বন্দরটির কার্যক্রম গতিশীলতা ফিরে পেয়েছে। ব্যবসায়ীরা দাবী জানিয়েছেন বেনাপোল বন্দরে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় ভোমরা স্থলবন্দরে সেই সুযোগ সুবিধা দিলে দেশের বয়বসায়ীরা ভোমরা স্থলবন্দরমুখী হবে। যা দেশের রাজস্ব আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্থলবন্দরটি। এলসি স্টেশন ভোমরার সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) মুশফেকুর রহমান জোসেফ বলেন, সম্প্রতি অফিসের সামনে অবৈধ ইমারাত দোকান উচ্ছেদসহ সকল জায়গা দখলমুক্ত করে ফুলের বাগান তৈরি করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। সকল বাধা উপেক্ষা করে ফলের পণ্যের ওজন শতভাগ নিশ্চিত করা হয়েছে। ভারতীয় পাসপোর্ট যাত্রীরা দালাল দারা নানাবিধ হয়রানির শিকার হতো যা দমন করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কারণে বিগত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে ২৭৫.৮৬ কোটি টাকা রাজস্ব আদায় বেশি বৃদ্ধি পেয়েছে। আগামীতে সকলের সহযোগিতায় সরকারের রাজস্ব আদায় চলতি অর্থ বছরের তুলনায় আরো বেশি হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।