আশাশুনিতে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১ টায় উপজেলার সীমান্তবর্তী ও কালিগঞ্জ উপজেলার বর্ডার সংলগ্ন শব্দলপুর মৌজায় রেকর্ডীয় নদীর চর ভরাটি ১১ শতক জমি নিয়ে মিথ্যা মারপিটের ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ দায়েরের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। চাম্পাফুল ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান আবু বক্কর গাইনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চাম্পাফুল ইউপির প্যানেল চেয়ারম্যান ও চার বার নির্বাচিত ইউপি সদস্য আবু বক্কর গাইন, ইউনিয়ন আঞ্চলিক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারী, মফিজুল সরদার, ব্যাবসায়ী রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ত্রিশ বছরের ইউপি সদস্য আবু বক্কর শব্দলপুর মৌজার পঞ্চাশ শতক রেকর্ডীয় চর ভরাটি জমিতে মৎস্য ঘের করে আসছেন। শব্দলপুর গ্রামের বাবলু দাশ ও রবিন মাষ্টার ঐ জমির মধ্যে ১১ শতক জমি দাবি করেন। একাধিকবার মাপ জরিপ ও শালিস বিচারে বাবলু দাশের কোনো জমি বক্কর মেম্বারের মৎস্য ঘেরের মধ্যে নেই বলে বক্তারা দাবী করেন। এ ছাড়া গত ১৭/০৭/২৪ বাবলু দাশ ও তার স্ত্রীসহ অন্যান্যের সহযোগিতায় নদীর ওয়াপদা কেটে ঘেরে পানি ঢুকানোর পরিকল্পনায় ওয়াপদা কেটে দেওয়ায় পাশ্ববর্তী ঘের মালিক বক্কার মেম্বারের নিজ মৎস্য ঘেরে পানি ঢুকার আশঙ্কা থাকলে তাৎক্ষণিকভাবে কয়েকজন দিন মুজুর নিয়ে তিনি বেড়িবাঁধের উপর মাঠি দিতে গেলে বাবলু দাশ ও তার স্ত্রী বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাবলু দাশ আশাশুনি থানায় মেম্বার বক্কর ও মৎস্য ঘেরে কাজ করতে আসা অসহায় দিনমজুর ও পার্শ্ববর্তী ব্যাবসায়ী সহ ১১ জনের নাম উল্লেখ করে একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন বলে বক্তাগণ জোর দাবি জানান এবং থানায় মিথ্যা অভিযোগ থেকে প্যানেল চেয়ারম্যান আবু বক্কর গাইন ও অসহায় দিনমজুরদের নাম বাদ দিয়ে সুষ্ঠু তদন্ত করার জন্য প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন।