চাঁদপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে জেলা ছাত্রলীগ। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার দুপুর তিনটায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে কোটা সংস্কারের পক্ষে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। সড়কের অবস্থা নিয়ে তারা মিছিল বের করে। তাদের মিছিলটি শহরের মিশন রোড সড়ক ও স্টেডিয়াম রোড সড়ক পদক্ষিণ করে বাস স্ট্যান্ড পর্যন্ত আসলে বাধার মুখে পড়ে জেলা ছাত্রলীগ কর্মীদের। এরপর দফায় দফায় কয়েক বার সংঘর্ষ হয় কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের সাথে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মোঃ ইয়াসির আরাফাত সঙ্গীয় ফোর্স উপস্থিত থাকায় তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ছাত্রলীগের কর্মীদের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয় এ সময়। প্রত্যক্ষদর্শী জানায়, পরে সেখান থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরের ব্যস্ততম এলাকা বাইতুল আমিন মসজিদ চত্ত্বর চলে আসে এবং এখানে তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। শহরের যানজট ও জনদুর্ভোগ লাগবে তৎপর ছিল পুলিশ। এ সময় পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ মিনিটের মধ্য দ্রুত কর্মসূচি শেষ করে রাস্তা থেকে সরে যাবার অনুরোধ করেন। একপর্যায়ে তারা চলে যাবার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে উপস্থিত হলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আন্দোলনকারীর সন্দেহে কয়েকজনকে মারধর করা হয়। পরে পুলিশের উপস্থিত ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিবৃত করে পরিস্থিতি উত্তেজিত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বিচ্ছিন্ন এই ঘটনা ছাড়া চাঁদপুর শহরে আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।