নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন এর মোবাইল নম্বর ক্লোন করেছে হ্যাকাররা। ১৩ জুলাই শনিবার দুপুর ৩টার দিকে মোখছেদুল মোমিন তার নিজের ফেসবুক ভেরিফায়েড আইডিতে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ওই মোবাইল নম্বর ক্লোন করে তার পরিচিত বন্ধু বান্ধব, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকের কাছে টাকা চেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়া হচ্ছে। এ বিষয়টি তিনি লোকমুখ জানতে পেরে নিজের ভেরিফায়েড আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট করেন।
এ ব্যাপারে সাংবাদিক তাহমিন হক ববী জানান, মোখছেদুল মোমিনের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে জরুরি ভিত্তিতে আমার কাছে ১৫ হাজার টাকা চাওয়া হয়। হঠাৎ টাকা চাওয়ায় আমার সন্দেহ হলে তার মোবাইল নম্বরে ফোন দিলে কল ফরওয়াডিং হচ্ছিল। পরে বিষয়টি যাচাই করে জানতে পারি তার মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। এরপর আমি অন্য একজনের নম্বরে ফোন করে বিষয়টি জানাই।
সৈয়দপুর সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক জামান সরকার বলেন, মোখছেদুল মোমিন ভাইয়ের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আমার কছে জরুরী ভিত্তিতে ২৫ হাজার টাকা চাওয়া হয়। বিষয়টি সন্দেহ মনে হলে মোমিন ভাইয়ের নম্বরে ফোন দেই কিন্তু কল ফরওয়াডিং হচ্ছিল।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, আমার নম্বর ক্লোন করে পরিচিত অনেকের কাছে টাকা চাইছে একটি চক্র। যাদের কাছে টাকা চাচ্ছে তাদের সন্দেহ হওয়ায় তারা আমাকে বিষয়টি জানান। পরে নম্বরটি ক্লোন করা হয়েছে বলে বুঝতে পারি। ওই নম্বর থেকে কারও কাছে ফোন গেলে সবাই যেন সতর্ক থাকেন সে বিষয়ে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেন তিনি।
সৈয়দপুর থানার ওসি মোঃ শাহা আলম বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।