সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মাসুদ মৃধা নিয়োগের নয় বছরে একদিনের জন্যও তার দায়িত্ব পালন করেননি। স্কুলে হাজির না হয়েও দলীয় পদের প্রভাব খাটিয়ে এক থেকে দেড়মাস পর স্কুলে এসে একসাথে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে তিনি নিয়মিতভাবে বেতনভাতা তুলে নিয়ে যাচ্ছেন।
তার অনিয়মে বাঁধা দিলে প্রধানশিক্ষক ও কমিটির সদস্যদের হুমকি প্রদর্শন করার অভিযোগ রয়েছে দপ্তরী কাম পিয়ন মাসুদ মৃধার বিরুদ্ধে। তার দাপটে অতিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসি। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের দপ্তরী কাম পিয়ন পদে ২০১৬ সালে যোগদান করেন উপজেলার কমলাপুর গ্রামের আহম্মদ আলী মৃধার ছেলে ও খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুদ মৃধা (৩৫)। উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সুপারিশে নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়োগ পাওয়া মাসুদ মৃধা নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে ওই নেতার কাজে ব্যস্ত থাকার অজুহাত দিয়ে কখনোই ঠিকমত দায়িত্ব পালন করতেন না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালমা বেগম দপ্তরী মাসুদ মৃধার স্বেচ্ছাচারিতার কথা স্বীকার করে বলেন, উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার দাপট দেখিয়ে দপ্তরী মাসুদ স্কুলের দায়িত্ব পালন না করে ওই নেতার সাথে ঘুরে বেড়ান। এ নিয়ে শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা প্রতিবাদ করলে তাদেরকে গালিগালাজসহ ভয়ভীতি প্রদর্শন করা হয়। মাসুদ পিয়ন হয়েও সে আমাদের শাসন করে। তিনি আরও বলেন, গত ১৫ মে মাসুদ স্কুলে এসে ৫ জুলাই পর্যন্ত একসাথে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যায়। এরপর সে আর স্কুলে আসেনি।
প্রধানশিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, নিয়োগ পাওয়ার পর থেকে দপ্তরী মাসুদ মৃধা কোনদিনই ঠিকমত দায়িত্ব পালন করেনি। তার ইচ্ছামাফিক দেড় থেকে দুই মাস পর স্কুলে এসে স্বাক্ষর দিয়ে চলে যান। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম বলেন, চাকরির ক্ষেত্রে বড় পরিচয় মাসুদ মৃধা বিদ্যালয়ের একজন কর্মচারী। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।