রাতের আঁধারে মাছ চাষীর ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই ঘেরের বিভিন্ন প্রজাতের প্রায় ৪০ মন মাছ মরে ভেসে উঠেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের। এ ঘটনায় শনিবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ মাছ চাষী শিপন বয়াতী জানান, প্রায় চারশ’ শতক জমির ওপর তিনি ঘের তৈরি করে বিভিন্ন প্রজাতের মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে ঘেরে মাছের খাবার দিতে গিয়ে তিনি দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার কমপক্ষে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।