প্রকাশিত সংবাদের জেরধরে ফিল্মি স্টাইলে চলন্ত মোটরসাইকেলকে ধাওয়া করে সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। ঘটনার ছয়দিন পরেও পুলিশ চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। ফলে বরিশালের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১৭টি কোপের ক্ষত নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মোল্লা শাওন শনিবার দুপুরে অভিযোগ করে বলেন, ঝালকাঠির আমতলা এলাকার বাসিন্দা আসিফ সিকদার মানিক সম্প্রতি সময়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার হয়। মানিকের হ্যান্ডকাফ পরিহিত ছবিসহ সংবাদ প্রকাশ করায় সে ক্ষিপ্ত হয়। অতিসম্প্রতি সে (মানিক) জামিনে বেরিয়ে তাকে (শাওন) হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
মোল্লা শাওন আরও বলেন, গত ৮ জুলাই দুপুরে তিনি মোটরসাইকেলযোগে বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কাছারি বাড়ি নামকস্থানে পৌঁছলে পাঁচটি মোটরসাইকেলযোগে তাকে ধাওয়া করা হয়। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে ফিল্মি স্টাইলে চলন্ত মোটরসাইকেলে বসেই আসিফ সিকদার মানিক, তার সহযোগি আবু আকতার, শাহীন, শোভন, বাবু হাওলাদার, নাঈম তালুকদারসহ অজ্ঞাতনামা ৫/৬ জনে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো শুরু করে। হামলাকারীদের ১৭টি আঘাতের পরেও জীবন রক্ষার তিনি (শাওন) মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে হামলাকারীরা জিআই পাইপ দিয়ে চলন্ত অবস্থায় পেটানো শুরু করলে তিনি (শাওন) মোটরসাইকেল থেকে ছিটকে পরেন। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় সাংবাদিক মোল্লা শাওনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।