মাত্র একদিনের ব্যবধানে বরিশালের পাইকারী বাজারে বেড়েছে কাঁচা মরিচসহ বেশ কিছু সবজির দাম। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এরমধ্যে কাঁচা মরিচের ঝাঁঝ বেড়েছে সবচেয়ে বেশি।
বিক্রেতাদের দাবি, প্রবল বৃষ্টির কারণে দেশের কৃষকরা পণ্য বাজারে নিয়ে আসতে না পারায় এবং শুক্র ও শনিবার ভারত থেকে আমদানি বন্ধ থাকায় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে ২/১ দিনের মধ্যে বাজার দর আবার আগের জায়গাতে চলে আসবে। নগরীর একমাত্র বৃহৎ কাঁচাপণ্যের পাইকারী বাজার সিটি মার্কেট ঘুরে জানা গেছে, শুক্রবার যেখানে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছে তা শনিবার কেজিপ্রতি মরিচ বিক্রি হচ্ছে চারশ’ টাকায়। এ ছাড়া একদিনের ব্যবধানে শনিবার ২৫ থেকে ৩০ টাকার পটল কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা, ৩৫ থেকে ৪০ টাকার শসা কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা, ১২০ থেকে ১৫০ টাকার গাজর কেজিপ্রতি ১৫০ থেকে ১৮০ টাকা, ৪৫ টাকার লাউ ৫০ থেকে ৬০ টাকা, ৩০ টাকার ঝিঙা কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকা, ৪০ টাকার বরবটি কেজিপ্রতি ৬০ টাকা, ৩০ টাকার করলা কেজিপ্রতি ৯০ টাকা, ৭০ টাকার বেগুন কেজিপ্রতি ৯০ টাকা, ৩৫ টাকার পটল কেজিপ্রতি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাইকারী ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, মেহেরপুর, চুয়াডাঙা, কুষ্টিয়া, যশোর ও ঈশ্বরদীতে প্রচুর বৃষ্টিপাতের কারণে কৃষকরা মাঠ থেকে সবজি উত্তোলন করতে পারেনি। যেকারণে বাজারে চাহিদার থেকে সবজি আমদানি কম হয়েছে। তিনি আরও জানান, শুক্র ও শনিবার ভারত থেকে আমদানি বন্ধ থাকায় মরিচও আমদানি হয়নি। এ কারণে পাইকারী বাজারে কাঁচা মরিচসহ কিছু সবজির দর বেড়েছে।