নদীভাঙন থেকে বিদ্যালয় রক্ষার জন্য সরকারিভাবে বরাদ্দ করা জিও ব্যাগ প্রতিষ্ঠানের সভাপতির পুকুর ও বাড়ির ভাঙনরোধে ব্যবহারের জন্য নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাঁধা দেওয়ায় ঠিকাদারের শ্রমিকদের মারধর করা হয়েছে।
ঘটনাটি জেলার মুলাদী উপজেলার। শনিবার সকালে ঠিকাদার তরিকুল ইসলাম জানান, সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য তৈরি করা প্রায় তিনশ’ জিও ব্যাগ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিনের লোকজনে জোরপূর্বক নিয়ে গেছেন। এ সময় ব্যাগ নিতে বাঁধা দেওয়ায় সভাপতির লোকজনে শ্রমিকদের মারধর করেন।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, জয়ন্তী নদীর ভাঙন থেকে সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং ব্রজমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষার জন্য তিনশ’ মিটার জায়গায় জিও ব্যাগ বরাদ্দ করা হয়। এজন্য ঠিকাদারের লোকজন ব্যাগভর্তি করে নদীর পাড়ে জড়ো করেন। গত ১১ জুলাই সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জসিমের লোকজনে ট্রলার বোঝাই করে প্রায় তিনশ’ জিও ব্যাগ নিয়ে যায়। ব্যাগগুলো বিদ্যালয় এলাকা থেকে প্রায় আটশ’ মিটার দূরত্বে সভাপতির পুকুর ও বাড়ি রক্ষার জন্য ফেলা হয়েছে।
ওই বিদ্যালয়ের ছাত্র অভিভাবক টুলু সরদার বলেন, নদীভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষা করা জরুরি। সভাপতির লোকজনে জোরপূর্বক জিও ব্যাগগুলো নেওয়ার কারণে গত তিনদিন থেকে কাজ বন্ধ রয়েছে। এতে বিদ্যালয়ের ভাঙন ঝুঁকি বেড়েছে।
ঠিকাদার তরিকুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন তার পুকুর ও বাড়ি রক্ষার জন্য সেখানে জিও ব্যাগ ফেলার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বরাদ্দ স্থান ছাড়া অন্য কোথাও জিও ব্যাগ ফেলা যাবে না জানালে তিনি ক্ষিপ্ত হন। একপর্যায়ে তার সহযোগিদের দিয়ে জোরপূর্বক জিও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এতে বাঁধা দিলে আমার শ্রমিকদের মারধর করা হয়েছে। ফলে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে।
অভিযোগের ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, জিও ব্যাগ নেওয়ার বিষয়ে আমার কিছুই জানা নেই। ঘটনার সময় আমি ঢাকায় অবস্থান করেছি। অপরদিকে তার (জসিম) লোকজনে ইঞ্জিনচালিত ট্রলার ভর্তি করে জিও ব্যাগ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ব্যাপারে কোন সদূত্তর দিতে পারেননি অভিযুক্ত জসিম উদ্দিন।
তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপণ্ডবিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ বলেন, সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় রক্ষার জন্য জিও ব্যাগ বরাদ্দ হয়। ওই বিদ্যালয়ের সভাপতির লোকজনে ঠিকাদারের শ্রমিকদের মারধর করে জোরপূর্বক ব্যাগ নিয়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ বিন অলীদ বলেন, বিষয়টি জেনেছি। বিদ্যালয়ের সভাপতি প্রভাব খাটিয়ে তার লোকজন দিয়ে জিও ব্যাগ ছিনিয়ে নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।