চলতি মাসের শেষ সপ্তাহে ফ্রান্সের প্যারিসে বসতে যাচ্ছে অলিম্পিকের ৩৩তম আসর। এ আসরে বিভিন্ন ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে ১৯৬টি দেশের ১০ হাজার ৬৭২ জন ক্রীড়াবিদ। তার মধ্যে রয়েছে আফগানিস্তানের তিন জন নারী ও তিন জন পুরুষ ক্রীড়াবিদও। তবে আফগান সরকার এ টুর্নামেন্টে শুধু পুরুষ ক্রীড়াবিদদের দায়িত্ব নেবে। সম্প্রতি সংবাদমাধ্যম এএফপিকে এমনটি জানিয়েছেন দেশটির ক্রীড়া বিভাগের এক মুখপাত্র। সম্প্রতি পুরুষ প্রতিযোগীদের কথা উল্লেখ করে তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র অটল মাশওয়ানি বলেন, ‘মাত্র তিন জন অ্যাথলেট আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন।’ এ সময় নারী ক্রীড়াবিদদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে আফগানিস্তানে মেয়েদের খেলাধুলা বন্ধ রয়েছে। মেয়েদের খেলাধুলার চর্চা না হলে তারা কীভাবে জাতীয় দলে যাবে?’ জানা গেছে টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পাওয়া ছয় জনের মধ্যে তিনজন নারী ও দুই জন পুরুষ অ্যাথলেট আফগানিস্তানের বাইরে থাকেন। দেশের একমাত্র জুডো ফাইটার অ্যাথলেটিকস এবং সাঁতারে অংশ নেবেন। মেয়েরা অ্যাথলেটিকস ও সাইক্লিংয়ে অংশ নেবেন। এর আগে ২০২১ সালে মার্কিন সেনাবাহিনী দখল ছেড়ে নিজেদের দেশে ফিরে গেলে দুই দশক পর ফের ক্ষমতায় ফেরে তালেবান সরকার। এ দফায় ক্ষমতা নেওয়ার শুরুতে তারা প্রতিশ্রুতি দিয়েছিল আগেরবারের থেকে এবার খানিকটা উদারতা দেখাবে। সে সময় নারীদের স্বাধীনতার প্রশ্নে শরিয়া আইন অনুযায়ী পর্দা রক্ষা করে পড়াশোনা ও চাকরির পাশাপাশি খেলাধুলারও অধিকার থাকবে বলে জানানো হয়েছিল। তবে তা হয়নি। বছর ঘুরতেই ক্ষমতাশালীরা সংকুচিত করে ঘরবন্দি করে ফেলে নারীদের। আর এতে দেশটিতে খেলাধুলার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে নারীদের নিষিদ্ধ করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ হয়ে যায় দেশটিতে নারীদের ক্রীড়াঙ্গনে অংশ নেওয়ার সুযোগসুবিধাও। এ নিয়ে গোটা বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় ওঠে। তবে সিদ্ধান্ত থেকে পিছপা হয়নি ক্ষমতাশালীরা। যদিও তাদের এমন সিদ্ধান্ত নতুন নয়। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যখন প্রথমারের মতো ক্ষমতায় আসে তালেবান সরকার। তখনো তারা নারীদের সব ধরনের সুযোগসুবিধা বন্ধ করে দিয়ে সবকিছু থেকে বঞ্চিত করেছিল। তাদের করা হয়েছিল ঘরবন্দি। সে সময় আইওসি ১৯৯৯ সালে আফগানিস্তানকে গেমস থেকে নিষিদ্ধ করেছিল। পরবর্তীকালে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে আফগানিস্তান পুনর্বহাল করা হয়েছিল।