সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে কাসেম আলী কাগুচী (৫০) নামের এক ঘের মালিক, ইউনিয়ন কৃষকলীগ সভপতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জুলাই) মধ্যরাতে খোলপেটুয়া গ্রামে নিজস্ব মৎস্য ঘেরে স্ত্রীকে হাত-পা বেধে দূর্বৃত্তরা এ নৃশংস কান্ড ঘটায়। তিনি ওই গ্রামে নেছার কাগুচীর ছেলে ও গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, দীর্ঘদিন ধরে কাসেম আলী কাগুচী ৩০ বিঘা জমি লীজ নিয়ে মৎস্য ঘের করে আসছে। মৎস্য ঘের নিয়ে পাশ্ববর্তী লোকমান গাজী নামে এক ব্যক্তির সাথে বিরোধ সৃষ্টি হয়। মূলত ওই বিরোধকে কেন্দ্র করে লোকমানের নির্দেশে দুর্তৃত্তরা তাকে কুপিয়ে খুন করে। লোকমান গাজী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রসঙ্গত ওই ঘেরকে কেন্দ্র করে ২০১৫ সালে শফিকুল নামে এক ব্যক্তিকে খুন করে দুর্বৃত্তরা।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত আছে তিনি জানান।